গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। রোববার (১০ মে) ভোররাত থেকে সকাল পর্যন্ত এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত একটি ট্রাকেও আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির উপদ্রব বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছিল। রোববার গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক নিয়ে বাঘচালা এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এবং চিৎকার করে লোক জড়ো করেন। গ্রামবাসীরা চারদিক থেকে ধাওয়া দিলে চোর চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও তিনজনকে ধরে ফেলে জনতা।
আটককৃত তিনজনকে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর ক্ষুব্ধ জনতা চুরির কাজে ব্যবহৃত ট্রাকে আগুন ধরিয়ে দিলে সেটি সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গরু চোর সন্দেহে স্থানীয়দের গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পালিয়ে যাওয়া চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে এমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
