দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি দল

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণ করতে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মে থেকে ৫ জুন একযোগে অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে কমিশনের তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১০ মে) নির্বাচন কমিশনের উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের সই করা এক অফিস আদেশে এই সফরের তথ্য জানানো হয়। প্রতিনিধি দলে থাকছেন—ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।

অফিস আদেশে বলা হয়েছে, এই কর্মকর্তাদের যাতায়াত ও অবস্থানসহ যাবতীয় ব্যয় বহন করবে দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। প্রতিনিধি দলটি আগামী ২৭ মে কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং পর্যবেক্ষণ শেষে ৭ জুন দেশে ফিরবেন।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী এক বছরে বাংলাদেশেও প্রায় চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার মতো উন্নত দেশের আধুনিক নির্বাচনী ব্যবস্থা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণের এই অভিজ্ঞতা দেশের বিশাল কর্মযজ্ঞের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে নির্বাচনী ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত দিকগুলো দেশের স্থানীয় সরকার নির্বাচনে কাজে লাগানোর লক্ষ্যেই এই সফরের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *