চট্টগ্রামে বড় সাজ্জাদ গ্রুপের ৩ সহযোগী গ্রেফতার; লুণ্ঠিত এসএমজি ও রিভলভারসহ বিপুল গোলাবারুদ উদ্ধার

চট্টগ্রাম মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে লুণ্ঠিত বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী ‘বড় সাজ্জাদ’ গ্রুপের তিন সক্রিয় সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানা পুলিশ প্রথমে মো. আব্দুল কাইয়ুম চৌধুরী ওরফে রিমনকে গ্রেফতার করে। কাইয়ুম বহদ্দারহাটের আলোচিত আট হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার দেওয়া তথ্যে পাহাড়তলী থানা থেকে লুণ্ঠিত একটি বিদেশি রিভলভার ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে কাইয়ুমের তথ্যের ভিত্তিতে পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে মনির নামে আরেক সহযোগীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ডবলমুরিং থানা থেকে লুণ্ঠিত একটি ব্রাজিলিয়ান ৯ এমএম পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। সর্বশেষ মনিরের তথ্যে বায়েজিদ বোস্তামী ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে সায়েম নামে তৃতীয় সহযোগীকে গ্রেফতার এবং একটি এসএমজি, দুটি ম্যাগাজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা বড় সাজ্জাদ গ্রুপের দুর্ধর্ষ সদস্য। তারা নগরীতে খুন, ডাকাতি, চাঁদাবাজি ও বালুমহাল নিয়ন্ত্রণে সশস্ত্র মহড়া দিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, উদ্ধারকৃত অস্ত্রগুলো সম্প্রতি চন্দনপুরা এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনায় ব্যবহৃত হয়েছে। বিষয়টি নিশ্চিত হতে অস্ত্রগুলো ব্যালিস্টিক পরীক্ষায় পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *