‘শান্তি নয়তো চরম পরাজয়’: হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে লারিজানির চরম হুঁশিয়ারি

ইসরায়েল ও মার্কিন বাহিনীর সঙ্গে ইরানের চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যে বিশ্ববাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ ‘হরমুজ প্রণালি’ নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই প্রণালি হয় সবার জন্য সমৃদ্ধি আনবে, নয়তো যুদ্ধকামীদের জন্য এটি ‘পরাজয় ও দুর্ভোগের’ পথে পরিণত হবে।

মঙ্গলবার (১০ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে লারিজানির এই হুঁশিয়ারি তুলে ধরে। তিনি বলেন, “হরমুজ প্রণালি হয় সবার জন্য শান্তি ও সমৃদ্ধির পথ হবে, নতুবা যুদ্ধপ্রিয়দের জন্য এটি পরাজয় ও দুর্ভোগের প্রণালিতে পরিণত হবে।” বিশ্লেষকরা মনে করছেন, এই বার্তা মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি সরাসরি হুমকি।

হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য লাইফলাইন হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে আসা মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালিতে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বা ইরান এই পথ বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *