আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রন জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে এই দাওয়াত কবুল করেছেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী আমাদের ইফতার অনুষ্ঠানে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে তিনি সেখানে উপস্থিত থাকবেন।”
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন এবং স্বাস্থ্যের খোঁজখবর নেন। এ সময় প্রধানমন্ত্রীকে সপরিবারে ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জামায়াত আমিরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
জামায়াতের সেক্রেটারি জেনারেল সাংবাদিকদের আরও জানান, দেশে বর্তমানে বিদ্যমান গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে জামায়াতে ইসলামী বিরোধী দল হিসেবে গঠনমূলক ও যথাযথ ভূমিকা পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়।
