সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এই আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, এদিন হাসানুল হক ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অন্য দুই আসামি মেনন ও মানিককেও হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন এবং পরবর্তীতে তিন আসামির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার প্রেক্ষাপট:-
২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে এই মানহানি মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। এর আগে ২০২১ সালেও তিনি জিয়াউর রহমানকে ‘মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছিলেন। এছাড়া ২০১৩ সালে পৃথক অনুষ্ঠানে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
আদালত এই মামলাটি গ্রহণ করে পিবিআই-কে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল।
