ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে দীর্ঘ সময় আলোচনায় থাকা জনপ্রিয় ইউটিউবার আরএস ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাকে আটক করার পর গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে মিরপুর চিড়িয়াখানার সামনে স্থানীয় জনতা আরএস ফাহিমকে চিনে ফেলে এবং আটকে রাখে। খবর পেয়ে শাহ আলী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানিয়েছেন, ফাহিমের বিরুদ্ধে আগে থেকেই দুটি মামলা ছিল এবং সেই মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছেন, জুলাই আন্দোলনে ছাত্র হত্যার একটি মামলায় ফাহিমকে অভিযুক্ত করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহ আলী থানা থেকে গুলশান থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে।
আরএস ফাহিমের পরিচয়:- কুমিল্লার চৌদ্দগ্রামে জন্ম নেওয়া আরএস ফাহিম বড় হয়েছেন ঢাকার মোহাম্মদপুরে। সাইকেল স্টান্ট ভিডিওর মাধ্যমে কনটেন্ট ক্রিয়েশন শুরু করলেও ২০১৫ সালে ইউটিউব চ্যানেল খোলার পর তিনি একজন আলোচিত বাইকার ও লাইফস্টাইল ভ্লগার হিসেবে পরিচিতি পান। তবে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে তার অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।
