জুলাই বিপ্লবের সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারের গণহত্যার বিরুদ্ধে অভিনেত্রী ও চিত্রনাট্যকার কারিনা কায়সার এক নির্ভীক কণ্ঠস্বর ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ শনিবার (১৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম লেখেন, জুলাই বিপ্লবে রাজপথের লড়াকু সহযোদ্ধা কারিনা কায়সারের অকাল মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। লিভারের গুরুতর জটিলতায় আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৫ মে) মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারিনা কায়সার।
শোকবার্তায় বিরোধীদলীয় চিফ হুইপ আরও বলেন, জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে কারিনা কায়সার সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্যায়ের মুখে তাঁর সাহসী ও আপসহীন অবস্থান ভবিষ্যতেও দেশবাসীকে অনুপ্রাণিত করবে।
নাহিদ ইসলাম গভীর দুঃখ প্রকাশ করে বলেন, কারিনা কায়সারের এই অকাল মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গন এবং প্রগতিশীল আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
