টাঙ্গাইলে কোরবানি পশুর বর্জ্য অপসারণে ঝাড়ু হাতে মাঠে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে টাঙ্গাইলে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

আজ শুক্রবার (২৯ মে) সকালে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে শহরের বেবিস্ট্যান্ড এলাকা ও প্রধান সড়কে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অভিযানের উদ্বোধনের পর বেবিস্ট্যান্ড মাদ্রাসা মাঠ থেকে শুরু করে থানা মোড় ও বাজার এলাকার প্রধান প্রধান সড়কে জোরদার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক ঝাড়ু, বেলচাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে শহরের সড়ক ও আশপাশের এলাকায় ছড়িয়ে থাকা বর্জ্য অপসারণে সরাসরি অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জাহিদ হোসেন মালা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ শহর ও থানা স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতৃবৃন্দ।

কর্মসূচির উদ্বোধনকালে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “আমাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখা আমাদেরই নাগরিক দায়িত্ব। কোরবানির পর অল্প সময়ে পৌরসভার একার পক্ষে পুরো শহরের বর্জ্য পরিষ্কার করা কঠিন। কিন্তু আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করি, তবে দ্রুততম সময়ে শহরকে পরিচ্ছন্ন করা সম্ভব।”

আয়োজকেরা জানান, প্রতিবছর কোরবানির ঈদের পর বর্জ্যের কারণে শহরে যে জনদুর্ভোগ তৈরি হয়, তা লাঘব করতে এবং পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষকে পরিচ্ছন্নতা কার্যক্রমে উদ্বুদ্ধ ও সচেতন করতেই স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই ব্যতিক্রমী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন জানান, প্রতিমন্ত্রীর নেতৃত্বে সকাল থেকেই তারা বেবিস্ট্যান্ড এলাকার সড়কগুলো পরিষ্কারের কাজ শুরু করেছেন এবং আজকের মধ্যেই শহরের দৃশ্যমান সব বর্জ্য অপসারণ করতে পারবেন বলে তারা আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *