চট্টগ্রামে ঈদের নামাজ শেষে বাজার পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

দেশের ভঙ্গুর অর্থনীতিকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে দেশবাসীর কাছে কিছুটা সময় চেয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এবারের ঈদুল আজহা উপলক্ষ্যে বাজারে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কিছুটা কমেছে।

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রামের উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আমার যতটুকু জানা, এবার কোরবানির ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমরা এই ধারা আগামীতেও অব্যাহত রাখতে চাই। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার জন্য সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা চাই দেশের সাধারণ মানুষ অর্থনৈতিক প্রবৃদ্ধির আসল সুফল পাক।”

অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জগুলোর কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, “শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলেই হবে না। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারগুলোর রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক বাস্তবতার কারণে বর্তমান সরকারকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। একটি বিপর্যস্ত অর্থনীতিকে প্রথমে সঠিক জায়গায় ফিরিয়ে আনা এবং তারপর সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া বেশ সময়সাপেক্ষ। তাই দেশের মানুষের কাছে আমাদের আবেদন—এই অন্তর্বর্তী সময়টুকু আমাদের দিন।”

তিনি আরও যোগ করেন, “দ্রব্যমূল্য যদি মানুষের নাগালের বাইরে চলে যায়, তবে তারা বঞ্চিত হয়। আমরা একটি নির্বাচিত ও জনগণের কাছে দায়বদ্ধ সরকার। এটি জনগণের কল্যাণের সরকার এবং আমরা একটি কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণের দিকে এগিয়ে যাচ্ছি। আশা করি, ক্রমান্বয়ে দ্রব্যমূল্য আরও কমে আসবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *