ডা. জুবাইদা ও জাইমার মানবিক উদ্যোগ: কড়াইল ও ভাসানটেকে মাসব্যাপী ইফতার কর্মসূচি

রাজধানীর ভাসানটেক এলাকায় এতিম শিশু ও বয়োজ্যেষ্ঠ নারীদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এক বিশেষ কর্মসূচির অংশ হিসেবে তারা এই ইফতার মাহফিলে উপস্থিত হন।

জানা গেছে, ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় মাসব্যাপী ইফতার, রাতের খাবার ও সাহরি বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ।

ইফতার মাহফিলে উপস্থিত এতিম শিশুদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটান জাইমা রহমান। তিনি শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন ছোট ছোট প্রশ্ন ও আবদার মনোযোগ দিয়ে শোনেন। এসময় ডা. জুবাইদা রহমানও বয়োজ্যেষ্ঠ নারীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় আয়োজিত বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। মোনাজাত শেষে কোনো বিশেষ প্রটোকল ছাড়াই উপস্থিত সবার সঙ্গে বসে সাধারণ পরিবেশে ইফতার করেন ডা. জুবাইদা রহমান ও জাইমা রহমান।

রাজনৈতিক শিষ্টাচার এবং মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে তাদের এই উপস্থিতি স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *