ঢাকাসহ ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস; নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

সারাদেশে বইছে কালবৈশাখীর হাওয়া। ঢাকাসহ দেশের ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার অন্য একটি পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টার মধ্যে দেশের আটটি বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *