ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। আজ রবিবার (১০ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
নিয়োগের চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাকে এই দায়িত্ব প্রদান করেছেন। বিধি মোতাবেক তিনি প্রক্টরের নির্ধারিত ভাতা ও সুবিধাদি প্রাপ্য হবেন। তবে বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর স্বার্থে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
নবনিযুক্ত প্রক্টর ইসরাফিল রতন এর আগে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে দীর্ঘ দিন দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর বিধি অনুযায়ী তিনি তার দায়িত্ব ও কর্মপদ্ধতি পরিচালনা করবেন।
উল্লেখ্য, ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন বর্তমান প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তার পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্রক্টর হিসেবে ইসরাফিল রতনকে দায়িত্ব প্রদান করা হলো।
