ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যু: চিরকুটের জেরে শিক্ষককে হেফাজতে নিল পুলিশ

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৬ এপ্রিল) সকালে উত্তর বাড্ডার ‘উদয়ন ম্যানশন’ নামক ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে আর্থিক লেনদেন ও ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত পাওয়া গেছে। চিরকুটে মিমো লিখেছেন— ‘সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।’

এ ঘটনার প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের একজন শিক্ষক এবং নিহতের এক ঘনিষ্ঠ বন্ধুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বাড্ডা থানা পুলিশ জানায়, মিমো কক্ষের সিলিং ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল জানান, “তদন্তের স্বার্থে আমরা সংশ্লিষ্ট বিভাগের একজন শিক্ষক ও নিহতের এক বন্ধুকে হেফাজতে নিয়েছি। উদ্ধারকৃত আলামত ও চিরকুটের তথ্যগুলো যাচাই করা হচ্ছে। সম্পৃক্ততা নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *