হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি জাহাজ চলাচলে ঝুঁকি নেই; ফিরছে শিক্ষার্থী জামিলের লাশ: শামা ওবায়েদ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের পতাকাবাহী জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই নিশ্চয়তা প্রদান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বর্তমানে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ওপর সরকার গভীর নজর রাখছে। তবে উদ্ভূত পরিস্থিতিতেও এমভি জয়যাত্রাসহ বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে এবং এতে কোনো প্রতিবন্ধকতা নেই। নৌ-নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্যিক রুট সচল রাখতে প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

একই সময় যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থীর বিষয়ে বাংলাদেশের অবস্থানের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার অত্যন্ত মর্মাহত। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছি।”

তিনি আরও জানান, নিহত শিক্ষার্থী জামিলের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস মার্কিন কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *