বিয়ের প্রতিশ্রুতিতে ৯.৩৫ কোটি রুপির প্রতারণা; হায়দরাবাদ পুলিশের তদন্তে আশু রেড্ডি

তেলেগু ছোট পর্দার জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস’ খ্যাত অভিনেত্রী আশু রেড্ডির বিরুদ্ধে ৯ কোটি ৩৫ লাখ রুপির বিশাল অংকের আর্থিক প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। লন্ডন প্রবাসী এক এনআরআই (অনিবাসী ভারতীয়) সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এই অর্থ ও সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

লন্ডন প্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াই. ভি. ধর্মেন্দ্রর বাবা সত্যনারায়ণ হায়দরাবাদের সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশনে (সিসিএস) এই অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, ২০১৮ সালে ধর্মেন্দ্রর সঙ্গে আশুর পরিচয় হয়। পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্মেন্দ্রর কাছ থেকে কয়েক বছর ধরে বিপুল পরিমাণ অর্থ, দামি গাড়ি, ৫ কেজি স্বর্ণ এবং একাধিক ফ্ল্যাট হাতিয়ে নেন তিনি। এমনকি ওইসব সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রিও করিয়ে নেন এই অভিনেত্রী।

ভুক্তভোগী পরিবারের দাবি, সব সুবিধা নেওয়ার পর এখন আশু রেড্ডি বিয়ে করতে অস্বীকার করছেন। এ ঘটনায় হায়দরাবাদ পুলিশের ডেপুটি কমিশনার (ক্রাইম) এস. চৈতন্য কুমার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এটি একটি লিভ-ইন রিলেশনশিপের মামলা বলে মনে হচ্ছে এবং বর্তমানে বিষয়টির গভীর তদন্ত চলছে। আশু রেড্ডির পরিবারের বিরুদ্ধেও সহায়তার অভিযোগ আনা হয়েছে।

আশু রেড্ডি এর আগেও মাদক মামলায় নাম জড়িয়ে শিরোনামে এসেছিলেন। এছাড়া সম্প্রতি সামাজিক মাধ্যমে পেইড সাবস্ক্রিপশন ফিচার চালু করেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। ‘ফোকাস’ ও ‘মাস্টারপিস’-এর মতো সিনেমায় অভিনয় করা এই তারকার ক্যারিয়ার এখন এই বড় মামলার কারণে হুমকির মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *