তানজিদ-শান্তর ব্যাটে সহজ জয়, তবে শাস্তির মুখে টাইগারা

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তবে জয়ের এই আনন্দের দিনেও শাস্তির মুখে পড়তে হয়েছে টাইগারদের। স্লো ওভার রেটের (ধীরগতির বোলিং) কারণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ পুরো দলের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বুধবার এক বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, সোমবারের ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল বাংলাদেশ। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভারের বিলম্বের জন্য ৫ শতাংশ হারে জরিমানা করার বিধান রয়েছে। ফলে দুই ওভারের জন্য ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে পুরো দলকে। অধিনায়ক মিরাজ দায় স্বীকার করে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

ম্যাচের চিত্রে ফিরলে দেখা যায়, শুরু থেকেই দাপট ছিল স্বাগতিকদের। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নিউজিল্যান্ডকে মাত্র ১৯৮ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার তানজিদ হাসান তামিমের ৭৮ এবং নাজমুল হোসেন শান্তর ৫০ রানের দায়িত্বশীল ইনিংসে সহজ জয় নিশ্চিত হয়। শেষে তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩০ রান ৬ উইকেটের বড় জয় নিশ্চিত করে।

সিরিজের প্রথম ম্যাচে হারলেও এই জয়ে ১-১ সমতায় ফিরল টাইগারা। আগামী ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *