তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পাঁচ দিন পেরিয়ে গেলেও সরকার গঠন নিয়ে জট কাটছে না। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় একাধিকবার লোকভবন (রাজভবন) থেকে খালি হাতে ফিরে গেছেন তামিলগ ভেট্রি কাজাঘাম (টিভিকে) প্রধান বিজয় থালাপতি। এর মধ্যেই বিজয় ও তাঁর দলের বিরুদ্ধে জালিয়াতির গুরুতর অভিযোগ উঠেছে।
আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাঘামের (এএমএমকে) সাধারণ সম্পাদক টিটিভি দীনাকরণ অভিযোগ করেছেন, তাঁর দলের একমাত্র বিধায়ক এস কামরাজের একটি ভুয়া সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দিয়েছেন বিজয়। দীনাকরণের দাবি, কামরাজ বিজয়ের দলকে সরকার গঠনের জন্য কোনো সমর্থন দেননি। এই ঘটনায় তিনি বিজয়ের বিরুদ্ধে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন।
গত শুক্রবার রাতে বিজয়ের দল দাবি করেছিল, ১১৮ জন বিধায়কের প্রয়োজনীয় সমর্থন পেয়ে তারা ম্যাজিক ফিগার স্পর্শ করেছে। তবে রাজ্যপালের কাছে মৌখিকভাবে দাবি জানালেও লিখিত প্রমাণ দেখাতে ব্যর্থ হয় দলটি। জালিয়াতির অভিযোগ অস্বীকার করে টিভিকে দাবি করেছে, বিধায়ক কামরাজ নিজ হাতেই সমর্থনপত্রে সই করেছেন এবং দীনাকরণ নিজেই তাতে অনুমোদন দিয়েছিলেন।
তামিল রাজনীতির দুই প্রধান শক্তি ডিএমকে ও এডিএমকে-কে পেছনে ফেলে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজয়ের নতুন দল টিভিকে। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন না থাকায় নির্দল ও ছোট দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে তাঁকে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ডিএমকে ও এডিএমকে হাত মিলিয়ে বিজয়কে ক্ষমতা থেকে দূরে রাখতে পাল্টা সরকার গঠনের চেষ্টা শুরু করেছে।
আইনি জটিলতা ও রাজনৈতিক মেরুকরণের এই পরিস্থিতিতে তামিলনাড়ুর মসনদে কে বসবেন, তা নিয়ে ভারতজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
