তালসারি সৈকতে শুটিং চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা; চিরনিদ্রায় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ ও ওড়িশার সীমান্তবর্তী তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে লোনা পানিতে তলিয়ে প্রাণ হারালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। ওড়িশার দিঘা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাতে কলকাতার একাধিক গণমাধ্যম এই শোক সংবাদ নিশ্চিত করেছে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ওড়িশার বালেশ্বর জেলার তালসারি সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল। বিরতির সময় তিনি সমুদ্রে নামলে হঠাৎ ঢেউয়ের টানে তলিয়ে যান। ইউনিটের টেকনিশিয়ানরা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটস্থ দিঘা হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে সব শেষ।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যিনি দর্শক মহলে ‘রাহুল ব্যানার্জী’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মাত্র ৩ বছর বয়সে বাবা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের নাট্যদল ‘বিজয়গড় আত্মপ্রকাশ’-এর ‘রাজ দর্শন’ নাটকের মাধ্যমে তাঁর অভিনয় জীবন শুরু। বাবার নাট্যদল ও ‘থিয়েট্রন’-এর হয়ে প্রায় ৪৫০টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন তিনি।

২০০৮ সালে রাজ চক্রবর্তী পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এ প্রিয়াঙ্কা সরকারের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন। ব্যক্তিজীবনে তিনি সহ-অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁর এই অকাল প্রয়াণে টলিউড ও নাট্যপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *