সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসন্ন শাহজাদপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়া এই নেতার এমন ভিডিও নিয়ে রাজনৈতিক মহলে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, একটি কক্ষের ভেতর চৌকির ওপর বসে হাতে পাইপ সদৃশ বস্তু নিয়ে ইয়াবা সেবন করছেন আমির হোসেন সবুজ। এ সময় তাঁর পাশে থাকা আরেক ব্যক্তি তাঁকে এই কাজে সহযোগিতা করছেন। ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ তীব্র নিন্দা প্রকাশ করে তাঁর আইনি শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, “ভিডিওটি আমিও দেখেছি। এটি সত্য কি না তা এখনো নিশ্চিত নই। তবে যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটি ছড়িয়ে থাকতে পারে।”
মাদক সেবনের অভিযোগ অস্বীকার করে আমির হোসেন সবুজ দাবি করেছেন এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। তিনি বলেন, “আমি আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষরা ভিডিওটি সুপার এডিট করে অপপ্রচার চালাচ্ছে। আমার ভাবমূর্তি নষ্ট করতেই এই চক্রান্ত করা হয়েছে।”
ভিডিওটির সত্যতা যাচাইয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে অস্বস্তি ও উত্তেজনা বিরাজ করছে। সাধারণ ভোটারদের মধ্যে এই ভিডিওটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে, যা আসন্ন নির্বাচনের সমীকরণে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
