ঢালিউডের মডেল ও অভিনেত্রী মারিয়া মিম নিজের কাজ এবং সমসাময়িক বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব। তবে সোমবার (১১ মে) দিবাগত রাতে তাঁর ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। কারও নাম সরাসরি উল্লেখ না করলেও ‘ভণ্ড হুজুর’ অ্যাখ্যা দিয়ে ক্ষোভ ঝেড়েছেন তিনি।
সোমবার রাতে মিম তাঁর পেজে লেখেন, “ভণ্ড হুজুর ফেসবুকটা নোংরা বানায় ফেলতেছে।” অভিনেত্রীর এই ছোট কিন্তু তীক্ষ্ণ মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মিমের এই ক্ষোভের নিশানায় কে, তা নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে চলছে ব্যাপক জল্পনা।
মারিয়া মিম সরাসরি কারও নাম না নিলেও মন্তব্যকারীদের একাংশের ধারণা, তিনি তাঁর সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুর রহমানকে ইঙ্গিত করেই এই পোস্ট দিয়েছেন। উল্লেখ্য, গত বছর কারাগারে যাওয়ার পর থেকে সিদ্দিকের জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি ধর্মের প্রতি নিজের গভীর অনুরাগের কথা জানিয়েছেন। সিদ্দিকের এই হঠাৎ পরিবর্তনকেই মিম ‘ভণ্ডামি’ হিসেবে দেখছেন কি না, সেই প্রশ্নই তুলছেন নেটিজেনরা।
২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই জুটির বিচ্ছেদ ঘটে ২০১৯ সালে। তাঁদের আরশ হোসেন নামে একটি পুত্রসন্তান রয়েছে। বিচ্ছেদের পর থেকে বিভিন্ন সময় তাঁদের একে অপরের প্রতি পাল্টাপাল্টি মন্তব্য করতে দেখা গেছে। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিদ্দিকের নাম আসতেই রেগে গিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন মিম।
এখন পর্যন্ত এই স্ট্যাটাস প্রসঙ্গে মারিয়া মিম বা সিদ্দিকুর রহমানের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় মিমের এই ‘ভণ্ড হুজুর’ তকমাটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।
