ময়মনসিংহের মুক্তাগাছায় বসতবাড়ির তালা কেটে ৩৫ লাখ টাকা চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনার হোতাদের ধরতে ‘ভিক্ষুক’ সেজে ছদ্মবেশে অভিযান চালিয়ে দুই পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মুক্তাগাছার বিরাশি মধ্যপাড়া এলাকার সৌরভ মিয়া ও জনি।
বুধবার (১৩ মে) ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে চুরি যাওয়া টাকার মধ্যে ২১ লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী আশরাফুল আলম জমি কেনার জন্য ৩৫ লাখ টাকা বাড়িতে একটি স্টিলের ট্যাংকে রেখেছিলেন। গত ১ এপ্রিল সন্ধ্যায় তার মা প্রতিবেশী একজনের বাড়িতে গেলে চোরচক্র ঘরের তালা কেটে সেই টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনার পর মুক্তাগাছা থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে পুলিশ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, আসামিরা অত্যন্ত চতুর ও পেশাদার হওয়ায় তাদের ধরতে পুলিশ সদস্যদের ‘ভিক্ষুক’ সাজতে হয়েছিল। কৌশলগত এই অভিযানে ঢাকার শাহজাহানপুর থেকে তাদের আটকের পর রেলওয়ে কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ লাখ এবং ময়মনসিংহের চরকুষ্টিয়া এলাকা থেকে আরও ৩ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
