উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। এর ফলে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় সারাদিন তীব্র বজ্রপাত ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া গবেষকরা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঢাকা শহরসহ ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে আজ সারাদিন তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ; চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম; এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় আজ সারাদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়ার মডেল বিশ্লেষণ করে গবেষক পলাশ আরও জানিয়েছেন, বৃষ্টিপাত উত্তর থেকে দক্ষিণ দিকে অত্যন্ত ধীরগতিতে অগ্রসর হচ্ছে। এই স্থবিরতার কারণে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা ও ফেনী জেলায় আজ ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে।
তীব্র বজ্রপাত ও অতি বৃষ্টির কারণে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
