সারাদিন তীব্র বজ্রপাত ও ভারী বৃষ্টির শঙ্কা; ১০ জেলায় অতি ভারী বর্ষণের পূর্বাভাস

ঢাকা শহরসহ দেশের বেশ কয়েকটি বিভাগে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রায় সারাদিন তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ তাঁর এক সাম্প্রতিক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছেন।

গবেষক পলাশ জানান, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর ওপরে সারাদিন বজ্রবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। মেঘের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে তিনি জানান, বৃষ্টিপাত উত্তর দিক থেকে দক্ষিণ দিকে খুবই ধীরে অগ্রসর হচ্ছে, যার ফলে দীর্ঘসময় বৃষ্টির প্রভাব থাকতে পারে।

বিশেষ করে ঢাকা বিভাগের নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ; চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, খাগড়াছড়ি ও চট্টগ্রাম; এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।

পলাশ আরও সতর্ক করেছেন যে, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা ও ফেনী জেলায় আজ ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে। দীর্ঘস্থায়ী ও অতি ভারী বৃষ্টির ফলে এসব এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়া এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে।

বজ্রপাতের তীব্রতা বেশি থাকায় এই সময়ে সাধারণ মানুষকে খোলা জায়গা বা বৈদ্যুতিক খুঁটির নিচে না থেকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *