মোবাইল সেবাকে আরও সাশ্রয়ী ও সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কলরেট ও ডেটার ওপর আরোপিত সম্পূরক শুল্ক বাতিলের দাবি জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটব। সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে আয়োজিত প্রাক-বাজেট বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।
অ্যামটব জানায়, বর্তমানে মোবাইল অপারেটররা তাদের মোট আয়ের প্রায় ৫৬ শতাংশ কর ও ভ্যাট হিসেবে পরিশোধ করছে, যা বৈশ্বিক গড় করহারের (২২ শতাংশ) দ্বিগুণেরও বেশি। সংগঠনের মহাসচিব লে. কর্নেল (অব.) মোহাম্মদ জুলফিকার ২০ শতাংশ সম্পূরক শুল্ক ও ১ শতাংশ সারচার্জ প্রত্যাহারের আহ্বান জানান। একই সাথে সিম প্রতিস্থাপনে ৩০০ টাকা ভ্যাট প্রত্যাহার এবং করপোরেট কর হার কমানোরও সুপারিশ করেন তিনি।
একই বৈঠকে তামাক খাতের উদ্যোক্তারাও তাদের প্রস্তাব তুলে ধরেন। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটিবি) বর্তমান ৮৩ শতাংশ করহারকে বিশ্বের অন্যতম সর্বোচ্চ উল্লেখ করে বিদ্যমান পদ্ধতির পরিবর্তে ‘নির্দিষ্ট করব্যবস্থা’ চালুর প্রস্তাব দেয়। তবে আবুল খায়ের টোব্যাকো এই মতের বিরোধিতা করে সিগারেটের উচ্চ স্তরে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা থেকে বছরে অতিরিক্ত ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় সম্ভব বলে তারা দাবি করে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের করহার ও বাজার পরিস্থিতি বিবেচনা করে সিগারেটের দাম ও কর কাঠামো পুনর্বিবেচনা করা হবে।
