৬৫ বছরের অপেক্ষার অবসান: আজ রূপপুরে ঐতিহাসিক মাইলফলক

দেশের জ্বালানি খাতের ইতিহাসে আজ এক অনন্য মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের (আরএনপিপি) প্রথম ইউনিটে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং। এর মাধ্যমে বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পরমাণু থেকে বিদ্যুৎ উৎপাদনের অভিজাত ক্লাবে বাংলাদেশের প্রবেশ নিশ্চিত হলো।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রকল্প এলাকায় এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রিঅ্যাক্টরের ভেতরে ইউরেনিয়াম প্রবেশ করানো হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে কেন্দ্রটি নির্মাণ পর্যায় থেকে পরিচালনা পর্যায়ে উন্নীত হলো। ফুয়েল লোডিং শেষে কয়েক সপ্তাহের নিরাপত্তা যাচাই ও ট্রায়াল রান শেষে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

১২.৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের দুটি ইউনিট পূর্ণ ক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে। যা দেশের মোট চাহিদার প্রায় ১২ শতাংশ পূরণ করবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, এই বিদ্যুৎ পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে কয়লা বা ফার্নেস অয়েলের চেয়ে সাশ্রয়ী হবে। প্রাথমিক হিসেবে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ থেকে ৮ টাকার মধ্যে থাকতে পারে।

উল্লেখ্য, ১৯৬২ সালে রূপপুরে পারমাণবিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ ৬০ বছর পর বর্তমান সরকারের হাত ধরে তা বাস্তবে রূপ নিল। কেন্দ্রটির প্রাথমিক আয়ুষ্কাল ৬০ বছর ধরা হলেও এটি ৮০ থেকে ১০০ বছর পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *