ইরানের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ভয়াবহ প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। রোববার (৮ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে এই কড়া সতর্কবার্তা দেন আইআরজিসির একজন মুখপাত্র।
আইআরজিসির মুখপাত্র বলেন, জ্বালানি অবকাঠামোতে আক্রমণ থামানো না হলে ইরান পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে। বিশ্ব অর্থনীতিকে সতর্ক করে তিনি বলেন, ‘যদি ব্যারেলপ্রতি তেলের দাম ২০০ ডলারের বেশি সহ্য করতে পারেন, তবে এই খেলা চালিয়ে যান’। তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বেসামরিক মানুষ এবং তেল-গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালালেও আইআরজিসি এখন পর্যন্ত এ ধরনের পদক্ষেপ থেকে বিরত রয়েছে।
বিবৃতিতে উপসাগরীয় দেশগুলোর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। আইআরজিসি জানায়, তারা যেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এ ধরনের হামলা বন্ধ করতে বলে। অন্যথায় পুরো অঞ্চলজুড়ে একই ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে, যা আঞ্চলিক স্থিতিশীলতাকে চরম সংকটে ফেলবে বলে সতর্ক করা হয়েছে। আল জাজিরার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবরটি প্রচার করেছে।
