তেহরানের আজাদি স্টেডিয়াম ধ্বংসস্তূপ; ট্রাম্পের ‘শান্তি পুরস্কার’ নিয়ে ইরানের খোঁচা

ইরানের রাজধানী তেহরানের অন্যতম আইকনিক ক্রীড়া স্থাপনা ‘আজাদি ইনডোর স্টেডিয়াম’ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলায় প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত বৃহস্পতিবার চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে আজ শনিবার সরব হয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই ধ্বংসযজ্ঞের ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তির বার্তার কড়া সমালোচনা করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিধ্বস্ত স্টেডিয়ামের ছবি প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি নিশানা করেন। তিনি লিখেছেন, “এটি তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্স। এটি এমন এক দেশের (যুক্তরাষ্ট্র) লক্ষ্যবস্তু হয়েছে, যার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফা ‘শান্তি পুরস্কার’ দিয়ে ভূষিত করেছে।” গত বছরের ডিসেম্বরে ফিফা ট্রাম্পকে এই পুরস্কার প্রদান করেছিল, যা এখন নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

আক্রান্ত আজাদি ইনডোর স্টেডিয়ামটি ইরানের বৃহত্তম ক্রীড়া ভেন্যু আজাদি স্টেডিয়াম কমপ্লেক্সের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রায় ১২ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামটি জাতীয় ও আন্তর্জাতিক বহু ইভেন্টের সাক্ষী। ক্ষেপণাস্ত্রের আঘাতে এই স্থাপনাটি এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।

একটি সুপরিচিত ক্রীড়া স্থাপনায় এমন ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পরও ফিফা কিংবা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিন্দা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান।

হোয়াইট হাউসে ফেরার আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি যুক্তরাষ্ট্রকে সংঘাত থেকে দূরে রাখবেন এবং তাঁর নীতি হবে ‘আমেরিকা ফার্স্ট’। অথচ দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে তাঁর প্রশাসন সামরিক অভিযান জোরদার করেছে। নিজেকে ‘নোবেল শান্তি পুরস্কারের’ যোগ্য বলে বারবার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *