দুবাই বিমানবন্দরে বিমান চলাচল আংশিক শুরু; কনফার্মেশন ছাড়া যাত্রীদের না আসার অনুরোধ

ইরানের ওপর চলমান হামলার প্রেক্ষাপটে নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িক স্থগিত থাকার পর আবারও আংশিকভাবে কার্যক্রম শুরু করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার (৭ মার্চ) এক আনুষ্ঠানিক ঘোষণায় আন্তর্জাতিক রুটে যাতায়াতের জন্য বিশ্বের অন্যতম ব্যস্ত এই বিমানবন্দরটি এ তথ্য নিশ্চিত করেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুবাই ইন্টারন্যাশনাল এবং দুবাই ওয়ার্ল্ড সেন্ট্রাল থেকে বর্তমানে সীমিত পরিসরে কিছু ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর আগে ওই অঞ্চলে আকাশপথে পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় এবং নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। মূলত ইরান থেকে ধেয়ে আসা হামলার সময় আকাশসীমার সুরক্ষা ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কথা বিবেচনা করেই এই অচলাবস্থার সৃষ্টি হয়।

পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় যাত্রীদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। ঘোষণায় বলা হয়েছে, সংশ্লিষ্ট বিমান সংস্থা বা এয়ারলাইনস থেকে ফ্লাইটের চূড়ান্ত নিশ্চয়তা (Confirmation) না পাওয়া পর্যন্ত কোনো যাত্রীরই বিমানবন্দরে আসা উচিত নয়। পরিস্থিতির কারণে ফ্লাইটের সময়সূচি ক্রমাগত পরিবর্তিত হতে পারে, তাই নিশ্চিত কনফার্মেশন ছাড়া বিমানবন্দরে ভিড় না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *