দীপু মনির আংশিক আইনি স্বস্তি: ৭ মামলার ১টিতে জামিন দিলেন হাইকোর্ট

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা সাতটি মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন বিগত আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদের মন্ত্রী ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। তবে বাকি ছয়টি মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

আজ বুধবার (৩ জুন) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে ডা. দীপু মনি পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং সমাজকল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে যান তিনি। পরবর্তীতে ১৯ আগস্ট রাতে রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সরকার পতনের পর ডা. দীপু মনির বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগসহ দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩৮টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে। আজ হাইকোর্টে সাতটি মামলার জামিন আবেদনের শুনানি শেষে আদালত একটিতে জামিন মঞ্জুর করেন এবং বাকি ছয়টি মামলার বিষয়ে রুল জারি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *