পাবনা দেশের জ্বালানি খাতে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। আগামী মঙ্গলবার (২৮ এপ্রিল) বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রমের উদ্বোধন হতে যাচ্ছে। আজ রবিবার (২৬ এপ্রিল) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগামী আগস্ট মাসের মাঝামাঝি সময়ে রূপপুর থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারির মধ্যে প্রথম ইউনিট থেকে পূর্ণমাত্রায় (১,২০০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এছাড়া দ্বিতীয় ইউনিটটি এক বছরের ব্যবধানে উৎপাদনে আসবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, সময় স্বল্পতার কারণে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীসহ রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। এর আগে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’-এর মহাপরিচালকের সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স প্রদান করায় এই জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়।
