দুইশর ঘরে কেবল দুই পরাশক্তি

বিশ্বকাপের সব আসরে খেলা একমাত্র দেশ ব্রাজিল। সবচেয়ে বেশি পাঁচটি সোনালী ট্রফিও ঘরে তুলেছে তারা। শুধু শিরোপাই নয়, সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড যেমন তাদের দখলে, ঠিক তেমনি গোলের ইতিহাসেও সেলেসাওদের দাপট সবার ওপরে।

বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে মাত্র দুটি দল দুইশর বেশি গোল করার অনন্য কীর্তি গড়তে পেরেছে। এর মধ্যে শীর্ষে রয়েছে ব্রাজিল। ফুটবল সম্রাট পেলে থেকে শুরু করে রোনালদো নাজারিও, রোমারিও, রিভালদো কিংবা নেইমাররা যুগের পর যুগ প্রতিপক্ষের জাল কাঁপিয়েছেন। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১৫টি গোল করেছেন ‘দ্য ফেনোমেনন’ রোনালদো। ১২ গোল করে বিশ্বকাপে দ্বিতীয় শীর্ষ ব্রাজিলিয়ান গোলদাতা কিংবদন্তি পেলে। বিশ্বমঞ্চে এ পর্যন্ত ব্রাজিলের মোট গোলসংখ্যা ২৩৭টি। আসন্ন আসরে এই সংখ্যা যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য।

ব্রাজিলের মতোই প্রতিপক্ষের রক্ষণ নিয়ে ছেলেখেলা করেছে জার্মানি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ডাইমানশাফটদের মতো এতটা ধারাবাহিক হতে পারেনি আর কোনো জাতীয় দল। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল), গার্ড মুলার ও থমাস মুলারদের মতো তারকাদের নিয়ে বিশ্বকাপে আধিপত্য দেখিয়েছে তারা। সব মিলিয়ে ২৩২ গোল করে এই তালিকায় ব্রাজিলের ঠিক ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে জার্মানরা।

১৫২ গোল করে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের তালিকায় তিন নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। ডিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির হাত ধরে বিশ্ব জয় করা লা আলবিসেলেস্তেদের গোলের ইতিহাস বেশ সমৃদ্ধ। গত ২০২২ বিশ্বকাপ জয়ের পথে মেসি হয়েছেন বিশ্বমঞ্চে দেশের ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক।

অন্যদিকে, গত তিন দশক ধরে বিশ্ব ফুটবলে অবিশ্বাস্য উত্থান ঘটেছে ফ্রান্সের। ১৯৯৮ সালে প্রথম বিশ্বকাপ জেতা লা ব্লুরা গত দুই আসরেই ফাইনাল খেলেছে। জিনেদিন জিদান, থিয়েরি অঁরি ও কিলিয়ান এমবাপের মতো বিশ্বমানের তারকাদের কল্যাণে সর্বকালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছে তারা। ফরাসীদের বর্তমান গোলসংখ্যা ১৩৬টি।

টানা তিন আসরে মূল পর্বে কোয়ালিফাই করতে না পেরে দর্শক হয়ে থাকা চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি ১২৮ গোল করে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে। এ ছাড়া শতাধিক গোল করা বাকি দুটি দেশ হলো স্পেন (১০৮ গোল) ও ইংল্যান্ড (১০৪ গোল)।

বর্তমানে ৯৬ গোল নিয়ে শততম বিশ্বকাপ গোলের খুব কাছে দাঁড়িয়ে আছে নেদারল্যান্ডস। আর ৮৯ ও ৮৭ গোল করে ফুটবল ইতিহাসের ঐতিহ্যবাহী দুই দল উরুগুয়ে এবং হাঙ্গেরি রয়েছে শীর্ষ ১০ দেশের এই এলিট তালিকার শেষ দুটি স্থানে।

একনজরে বিশ্বকাপে সর্বোচ্চ গোল করা শীর্ষ ১০ দেশ:

অবস্থানদেশের নামমোট গোল সংখ্যা
🇧🇷 ব্রাজিল২৩৭
🇩🇪 জার্মানি২৩২
🇦🇷 আর্জেন্টিনা১৫২
🇫🇷 ফ্রান্স১৩৬
۵🇮🇹 ইতালি১২৮
🇪🇸 স্পেন১০৮
🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 ইংল্যান্ড১০৪
🇳🇱 নেদারল্যান্ডস৯৬
🇺🇾 উরুগুয়ে৮৯
১০🇭🇺 হাঙ্গেরি৮৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *