দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিন পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। আইনি প্রক্রিয়া শেষে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি কারামুক্ত হন বলে জানা গেছে। তবে বাংলাদেশের পুলিশ সদর দফতর জানিয়েছে, এ বিষয়ে তাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করেছিল। গত ১২ জুন এক চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে গ্রেফতারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করে দুবাই পুলিশ।

বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে একাধিক মামলা পরিচালনা করছে দুদক। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে নথি পাঠায় সরকার। ওই নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানি শেষে আদালত বেনজীর আহমেদকে শর্তসাপেক্ষে জামিন দেন। জামিনের শর্তানুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা থাকবে এবং অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *