বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলের জন্য বাংলাদেশ সরকার সেখানে ল ফার্ম (আইনি পরামর্শক প্রতিষ্ঠান) নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সঠিক আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরত আনা সম্ভব হবে।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অফিসার ও ফোর্সের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “দুবাই আদালত থেকে বেনজীর আহমেদ শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন বলে আমরা শুনেছি। এ বিষয়ে দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গেও কথা হয়েছে। জামিনের সার্টিফাইড কপি সংগ্রহের চেষ্টা চলছে এবং এই আদেশ বাতিলের জন্য সরকার ইতোমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছে।”

উল্লেখ্য, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেফতার করে। গত ১২ জুন বাংলাদেশ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায় দুবাই পুলিশ। তাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়ে দুবাইয়ের আদালতে আইনি শুনানি শেষে গত ৩০ জুলাই শর্তসাপেক্ষে জামিন পান তিনি। শর্ত অনুযায়ী, তার পাসপোর্ট আদালতের হেফাজতে রয়েছে এবং অনুমতি ছাড়া তিনি আমিরাত ত্যাগ করতে পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *