জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে পড়ে এ পর্যন্ত ৫ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সর্বশেষ ১২-১৩ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেলে ও সন্ধ্যায় আরও চার শিশুর মরদেহ উদ্ধার করেছিল ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শনিবার বিকেলে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ওই ভাসমান সেতুতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। বিকেল ৪টার দিকে অতিরিক্ত মানুষের চাপে হঠাৎ সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়ে। এতে শতাধিক মানুষ নদে পড়ে যান। অধিকাংশ সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচ শিশুসহ বেশ কয়েকজন নিখোঁজ হন।
দেওয়ানগঞ্জ থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে একজনের নাম – পরিচয় এখনো জানা যায়নি। নিখোঁজ অন্যদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান পরিচালনা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
ঈদের এই দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো দেওয়ানগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ব্রহ্মপুত্র নদের পাড়।
