বাংলাদেশের পরিসংখ্যান ব্যবস্থাকে আধুনিকায়ন এবং তথ্যনির্ভর শাসন ব্যবস্থা নিশ্চিত করতে ‘সমন্বিত ডেটা ওয়্যারহাউজ’ (Integrated Data Warehouse-IDW) প্রতিষ্ঠার মহাপরিকল্পনা উন্মোচন করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা) যৌথভাবে এই পরিকল্পনার রূপরেখা প্রকাশ করে।
ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অব স্ট্যাটিসটিকস সার্ভিস বেইজড অন প্ল্যাটফর্ম (২০২৩-২০২৬)’ শীর্ষক এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯.৬৫ মিলিয়ন মার্কিন ডলার। প্রকল্পের মূল লক্ষ্য হলো একটি কেন্দ্রীয়, নিরাপদ এবং আন্তঃসংযোগযোগ্য ডেটা প্ল্যাটফর্ম গড়ে তোলা, যার মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে তথ্য বিনিময় ও বিশ্লেষণ আরও সহজ হবে।
অনুষ্ঠানে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিম বলেন, “এই উদ্যোগ বাংলাদেশের পরিসংখ্যান ব্যবস্থাকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর ডেটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে বিবিএসকে সহায়তা করতে পেরে কোইকা গর্বিত।”
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার এবং বিবিএসের মহাপরিচালক মো. ফরহাদ সিদ্দিক জানান, এই মহাপরিকল্পনা একটি সমন্বিত জাতীয় ডেটা ব্যবস্থার ভিত্তি তৈরি করবে। এর ফলে সরকারি নীতিনির্ধারণী প্রক্রিয়া আরও তথ্যনির্ভর ও কার্যকর হবে এবং সরকারি পরিসংখ্যানের মান ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে।
সংশ্লিষ্টরা জানান, আইডিডব্লিউ চালু হলে ডেটা ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে। এটি প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।
