রাজধানীর বিভিন্ন সড়ক ও ফুটপাতে যত্রতত্র ফেলে রাখা নির্মাণ সামগ্রী দ্রুত অপসারণের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (১৩ এপ্রিল) ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তি নির্মাণ সামগ্রী রাস্তায় ফেলে রাখায় তীব্র যানজট ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
ডিএমপি জানিয়েছে, সড়ক ও ফুটপাতে মালামাল ফেলে রাখা ডিএমপি অধ্যাদেশ ১৯৭৬-এর ৬৭, ৬৮, ৭২ ও ১০২ ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৭ ও ৮২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে শীঘ্রই মহানগরজুড়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার একটি সুশৃঙ্খল মহানগরী গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা কামনা করেছেন। তিনি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আইন মেনে দ্রুত স্ব-উদ্যোগে এসব সামগ্রী সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। অন্যথায় অভিযানে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।
