রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে তীব্র গরমের মাঝেই এবার স্বস্তির বৃষ্টির পাশাপাশি বড় ধরনের ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২২ মে) সন্ধ্যার মধ্যে দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। একই সঙ্গে আরও দুটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার কথা জানানো হয়েছে।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর ও মধ্যাঞ্চলের রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে তীব্র ঝোড়ো হাওয়া বা কালবৈশাখী বয়ে যেতে পারে। এই কারণে দুর্ঘটনা এড়াতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌহুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া দেশের আরও দুটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু ঝড়ের পূর্বাভাস রয়েছে। রাজশাহী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া বিদদের মতে, গ্রীষ্মকালীন স্থানীয় মেঘ ও পশ্চিমা লঘুচাপের তীব্রতার কারণেই এই ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সৃষ্টি হচ্ছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
