ঢালিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তাঁর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন এই তারকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব তিনি। এরই ধারাবাহিকতায় এবার একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছেন তিনি।
শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, পূর্ণিমা পরেছেন গাঢ় সবুজ রঙের একটি জমকালো পোশাক। পোশাকজুড়ে সোনালি নকশার সূক্ষ্ম ও চমৎকার কারুকাজ তাঁর সৌন্দর্যকে আরও রাজকীয় ও অভিজাত করে তুলেছে। খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর কানে বড় দুল—সব মিলিয়ে পূর্ণিমার এই লুক ভক্তদের নজর কেড়েছে। একেকটি ছবিতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন তিনি; কোথাও তাঁর মিষ্টি হাসি, আবার কোথাও আনমনে দূরে তাকিয়ে থাকা।
বিশেষ করে সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ ও লাল আলোর আবহ ছবিগুলোকে দিয়েছে ভিন্ন মাত্রা। সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসায় ভাসছেন অভিনেত্রী। ভক্তদের একজন মন্তব্য করেছেন, “সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।” অন্য একজন লিখেছেন, “বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা।”
১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পা রাখেন পূর্ণিমা। তখন তিনি ছিলেন নবম শ্রেণির শিক্ষার্থী। প্রথম ছবি থেকেই অভিনয়ের পাশাপাশি অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য দর্শকদের মনে জায়গা করে নেন। ক্যারিয়ারের শুরুতে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’-র মতো চলচ্চিত্রেও তাঁর স্টাইলিশ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে নিজের রূপ আর গুণে ঢালিউডে এক অনন্য নাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দিলারা হানিফ পূর্ণিমা।
