নরওয়ের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর

বাংলাদেশে জাহাজ নির্মাণ, জাহাজ রিসাইক্লিং এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে নরওয়ে। সোমবার (৯ মার্চ) শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন এই আগ্রহের কথা জানান।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং শিল্প খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শিল্পমন্ত্রী নরওয়েকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী বলেন, “বাংলাদেশ বর্তমানে শিল্পায়ন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।” তিনি নরওয়ের উদ্যোক্তাদের বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতে বিনিয়োগের আহ্বান জানান।

রাষ্ট্রদূত হাকন আরল্ড গুলব্রান্ডসেন বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে কাজ করার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে এই বিনিয়োগ আরও বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন। এ সময় শিল্প সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *