মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ছুটিতে দেশে এসে আটকে পড়া প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। উদ্ভূত পরিস্থিতিতে যারা নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে পারছেন না, তাদের কর্মসংস্থান সুরক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সোমবার (৯ মার্চ) এক বার্তায় জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী যথাসময়ে বিদেশে ফিরতে পারছেন না। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষের পথে। এসব প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
মন্ত্রণালয় জানায়, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যারা ছুটিতে দেশে এসেছিলেন, তারা এখন যুদ্ধাবস্থায় বিমান চলাচল ও নিরাপত্তা সংকটে আটকা পড়েছেন। তাদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা চালানোর আহ্বান জানানো হয়েছে। সরকারের এই উদ্যোগের ফলে কয়েক হাজার প্রবাসী কর্মীর চাকরি হারানোর আশঙ্কা দূর হবে বলে আশা করা হচ্ছে।
