চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৬ হাজার লিটার ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৪ এপ্রিল) সকালে পতেঙ্গা থানাধীন বহিনোঙর এলাকায় এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬টায় কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা এই অভিযান চালায়। সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৬ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৬ হাজার লিটার ডিজেল ও ৬টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এছাড়া পাচারকারীদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।
অভিযান শেষে কোস্টগার্ড জানায়, জব্দকৃত এই বোটটি ব্যবহার করে আনুমানিক ১৫০-২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের একটি গোপন পরিকল্পনা ছিল মানবপাচারকারীদের। কোস্টগার্ডের সময়োপযোগী গোয়েন্দা তৎপরতায় সেই অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে।
আটক পাচারকারী ও জব্দকৃত মালামাল হস্তান্তরের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাচার ও চোরাচালান রোধে কোস্টগার্ডের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
