শুরুটা মন্দ ছিল না পাকিস্তানের, কিন্তু দৃশ্যপটে নাহিদ রানা আসতেই বদলে গেল সব। মিরপুরের ২২ গজে আজ আগুনের গোল্লা ছুড়লেন এই তরুণ টাইগার পেসার। তার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের (ফাইফার) তোপে পড়ে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১১৪ রানেই অল-আউট হয়ে গেছে পাকিস্তান।
বুধবার (১১ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪১ রান তুলে ফেলেছিল পাকিস্তান। তবে নাহিদ রানা আক্রমণে আসতেই শুরু হয় মড়ক। দলীয় ৪১ থেকে ৬৯—এই মাত্র ২৮ রানের ব্যবধানে টপ অর্ডারের ৫ জন ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান নাহিদ।
ওপেনার সাহিবজাদা ফারহান (২৭), অভিষিক্ত শামিল হুসাইন (৪), মাজ সাদাকাত (১৮) থেকে শুরু করে অভিজ্ঞ মোহাম্মদ রিজওয়ান (১০) ও সালমান আলী আঘা (৫)—সবাই কুপোকাত হয়েছেন নাহিদ গতির কাছে। মাত্র ৭ ওভার বল করে ২৪ রান খরচায় একাই ৫ উইকেট শিকার করেন তিনি।
নাহিদের তাণ্ডবের পর বোলিংয়ে এসে পাকিস্তানকে আরও চেপে ধরেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তিনি দ্রুত ৩ উইকেট তুলে নিলে ৮২ রানেই ৯ উইকেট হারিয়ে একশ’র নিচে অল-আউট হওয়ার শঙ্কায় পড়ে সফরকারীরা। হুসাইন তালাত, শাহিন আফ্রিদি ও আব্দুল সামাদ দাঁড়াতেই পারেননি মিরাজের স্পিনের সামনে।
একপ্রান্ত আগলে রেখে পাকিস্তানের সংগ্রহ ১০০ পার করান ফাহিম আশরাফ। শেষ পর্যন্ত মোস্তাফিজের বলে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন তিনি। ফলে ৩০.৪ ওভারে ১১৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।
বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ২৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরার দৌড়ে সবার আগে। ১০ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন মিরাজ। তাসকিন ও মোস্তাফিজ একটি করে উইকেট শিকার করেন।
