নির্বাচনী জয়ের পর প্রথম সাংগঠনিক সভা: তৃণমূল নেতাদের দিকনির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের পর প্রথমবারের মতো দলের তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতাদের নিয়ে আজ মতবিনিময় সভায় বসছে টানা তৃতীয় মেয়াদে রাষ্ট্রক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে এই দিনব্যাপী সাংগঠনিক সভা শুরু হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় পর আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে দলটি। সভায় প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের দিকনির্দেশনা প্রদানের পাশাপাশি নির্বাচন-পরবর্তী রাষ্ট্র পরিচালনা ও দলীয় সংগঠনকে আরও গতিশীল করার পরিকল্পনা তুলে ধরবেন।

গতকাল অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী জানান, এই সভায় বিএনপি এবং এর তিনটি শক্তিশালী অঙ্গসংগঠন—জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিচ্ছেন। সভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

সভার একটি বিশেষ দিক হলো, সারা দেশের জেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সরাসরি তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরবেন। পাশাপাশি বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত দুই-তিন মাসে যেসব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে এবং যেগুলো বাস্তবায়নের পথে রয়েছে, সেসব বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা তথ্য ও বিশ্লেষণ উপস্থাপন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিতকে আরও শক্তিশালী করাই এই সভার মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *