নির্বাচনী সফরে আজ রংপুরে তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ শুক্রবার রংপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সফরসূচি অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি রংপুরের পীরগঞ্জে ২০২৪ সালের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল সাড়ে ৪টায় নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্র জানায়, তারেক রহমানের সফর ও জনসভা সফল করতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকেই ঈদগাহ মাঠে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়। পাশাপাশি জনসমাবেশে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি নিশ্চিত করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী সাইফুল ইসলাম বলেন, “দলের চেয়ারম্যানের আগমন ঘিরে রংপুরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।”

দীর্ঘ প্রায় দুই দশক পর তারেক রহমানের রংপুর সফরের সিদ্ধান্তে তৃণমূল থেকে জেলা পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও নতুন উদ্দীপনা ফিরে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *