ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ বর্তমান কমিশনের কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশে পুনরায় কোনো গণ-অভ্যুত্থান ঘটলে সংস্কারের লক্ষ্যে সবার আগে এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করা হবে এবং নির্বাচনী কারচুপির অভিযোগে বর্তমান কমিশনের বিচার করা হবে।
সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ি কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, প্রধানমন্ত্রীর সুনজরে বর্তমান কমিশন টিকে আছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তবে তারা কঠোর আন্দোলনে নামবেন এবং যেকোনো অনিয়মের জন্য এই কমিশনকে জবাবদিহির আওতায় আনা হবে।
জাতীয় নির্বাচনের সময়কার একটি অভিজ্ঞতা তুলে ধরে এনসিপির প্রধান সংগঠক বলেন, “যখন আফরোজা আব্বাস বিভাগীয় কমিশনের সামনে ৫ থেকে ৬ হাজার লোক নিয়েছিল, আমি ডাক দিলে সেখানে ৫০ হাজার থেকে ১ লাখ লোক আসত। এতে সেখানে একটা রক্তাক্ত মারামারি হতো, অনেকগুলো লাশ পড়ত। আমি শুধু একটা কারণে সরে আসছি—যদি ওই হাসপাতালে গিয়ে কোনো বাবার ছেলে মারা যেত, আমি তাকে কোনো জবাব দিতে পারতাম না।” তবে এই নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার বাংলার মাটিতে হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনের দিন ডিজিএফআই, এনএসআই-সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং ডিসি অফিসে কীভাবে নগ্নভাবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে, তা দেশের মানুষ দেখেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
