নেতানিয়াহুর ওপর বিন্দুমাত্র আস্থা নেই যুক্তরাষ্ট্রের ৫৯ শতাংশ মানুষের; ভারতের সমর্থনে উচ্ছ্বসিত নেতানিয়াহু

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বা ‘বট অ্যাকাউন্ট’ ব্যবহার করে বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী জনমত তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

নেতানিয়াহুর মতে, যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার কৌশলগত জোটকে দুর্বল করতে চায়, তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে সুপরিকল্পিত ‘বট ফার্ম’ ব্যবহার করছে। তিনি আরও বলেন, “অনেকে এমনভাবে পোস্ট করে যেন তারা আগে ইসরায়েলকে সমর্থন করতেন, কিন্তু এখন আর করতে পারছেন না। অথচ পরবর্তীতে অনুসন্ধান করে দেখা যায়, ওইসব পোস্টদাতার মূল উৎস আসলে পাকিস্তানের কোনো এক বেজমেন্টে বসে আছে।”

বিবৃতিতে বিশ্বজুড়ে ইসরায়েলের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে ভারতের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেন, “বিশ্বের অনেক জায়গায় আমাদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়, কিন্তু ভারতে নয়। ভারতে ইসরায়েলের প্রতি অবিশ্বাস্য রকমের সমর্থন রয়েছে।” তিনি আরও দাবি করেন, বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় ভারত থেকেই বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বেশি অনুসারী বা ফলোয়ার রয়েছে।

এক বিশেষ সাক্ষাৎকারের স্মৃতি চারণ করে তিনি বলেন, “ভারতের ১৪০ কোটির মানুষ ইসরায়েলকে অত্যন্ত পছন্দ করে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরায়েলে ব্যাপক উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন। পরবর্তীতে আমিও আমার স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম এবং সেটি ছিল আমাদের জন্য এক ভালোবাসার উৎসব।”

নেতানিয়াহু বিশ্বজুড়ে সমর্থনের দাবি করলেও সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে সম্পূর্ণ ভিন্ন চিত্র উঠে এসেছে। জরিপের তথ্য অনুযায়ী, ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র দেশ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিকই এখন ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি। একই জরিপে আরও বলা হয়, বর্তমান বিশ্ব পরিস্থিতি ও যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর বিন্দুমাত্র আস্থা নেই যুক্তরাষ্ট্রের ৫৯ শতাংশ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *