নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মানববন্ধন, সভাপতিসহ গ্রেপ্তার ২

নেত্রকোনা জেলা শহরে ভোররাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) ভোরে কর্মসূচি শেষ করে ফেরার পথে পৌর শহরের বকুলতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি সৈয়দ আল রাকিব এবং সংগঠনের কর্মী সাব্বির।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৫টার দিকে নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনে সৈয়দ আল রাকিবের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন নেতা-কর্মী সমবেত হয়ে একটি ঝটিকা মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, দেশবিরোধী মার্কিন চুক্তি বাতিল, জ্বালানি সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদ এবং বিএনপি-জামায়াতের কথিত দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন দাবি তুলে ধরেন।

কর্মসূচি শেষে তারা বকুলতলা এলাকায় একত্রিত হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় সৈয়দ আল রাকিব ও সাব্বিরকে গ্রেপ্তার করা হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কর্মসূচি পালন ও নাশকতার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *