রাজশাহীতে হামের সংক্রমণ বৃদ্ধি: রামেক হাসপাতালে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ মে) সকালে রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে আরও ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ১১১ জন রোগী। এখন পর্যন্ত রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে।

সংক্রমণ বাড়লেও সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও সন্তোষজনক। গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ১৩ জন রোগী।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ গুরুত্ব দিয়ে চিকিৎসা প্রদান করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামে একজনের মৃত্যু হয়েছে। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আক্রান্তদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করছি।”

রাজশাহী ও এর আশপাশের জেলাগুলোতে গত কয়েক সপ্তাহ ধরে হামের প্রাদুর্ভাব লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে শিশুদের মধ্যে এই রোগের প্রকোপ বেশি দেখা দেওয়ায় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং সময়মতো টিকা নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *