প্রতিকূলতার মাঝেও আপনাদের ছেড়ে যাইনি, আগামীতেও যাবো না: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি দেশ ও জনগণকে ছেড়ে যাননি এবং ভবিষ্যতেও কোথাও যাবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, মানুষ ১৩ তারিখের পর বাস্তব পরিবর্তন দেখতে চায়। এই পরিবর্তন আসবে যুবসমাজের স্বপ্ন ও মা-বোনদের প্রত্যাশাকে ভিত্তি করে। তিনি বলেন, জনগণ আর কোনো ধরনের আধিপত্যবাদ দেখতে চায় না।

তিনি আরও বলেন, “আমাদের মায়েদের গায়ে কেউ হাত তুলবে আর আমরা চুপ করে থাকবো—এমনটা ভাববেন না।” এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

জামায়াতকে নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, কওমি মাদ্রাসা বন্ধ করা কিংবা ইমাম-খতিবদের বের করে দেওয়ার মতো কথাগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত এমন একটি সমাজ গড়তে চায় যেখানে সবাই নিরাপদ থাকবে। চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, আগে সংশোধনের সুযোগ দেওয়া হবে, কিন্তু তাতেও কাজ না হলে তাদের চরম মূল্য দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *